মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণের দাবি করবে। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি জানান, ভবিষ্যতে ইরানের সঙ্গে যে কোনো আলোচনায় এ বিষয়টি রাখতে তিনি তার প্রতিনিধিদের নির্দেশও দিয়েছেন।
ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিরা গেল পাঁচ মাসের সামরিক সংঘাতে তাদের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করছেন। তবে তার দাবি, এ বিষয়টি আগে কোনো আলোচনা বা বৈঠকে উত্থাপন করা হয়নি। তিনি এটিকে কিছুটা মজার ছলে উল্লেখ করে বলেন, ইরানের হামলায় নিহত ও গুরুতর আহত মানুষের জন্য যুক্তরাষ্ট্রও ক্ষতিপূরণ চাইবে।
আরেক পোস্টে ট্রাম্প বলেন, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজার মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায়ও ইরানকে নিতে হবে।
এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলগাদর বলেছেন, যুক্তরাষ্ট্র আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না তারা। তিনি যুদ্ধ বন্ধ, হুমকি প্রত্যাহার, ইরানি বন্দরের নৌ অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দেন।
সূত্র: সিএমজি বাংলা