চীনে শুরু হয়েছে সাত দিনের জাতীয় দিবসের ছুটি। এ সময় বাড়তি যাত্রী চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন চালু, রেল স্টেশনগুলোতে রাতভর কার্যক্রম এবং মহাসড়কে যান চলাচলের সক্ষমতা বাড়ানো হয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে, বৃহস্পতিবার দেশজুড়ে আন্তঃআঞ্চলিক যাত্রা ছাড়ানোর কথা প্রায় ৩৩ কোটি ৪০ লাখ।
জাতীয় দিবসের ছুটি চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম। এ সময়ে অনেকে অবকাশ যাপন কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে বিভিন্ন গন্তব্যে যান। রাত ১২টা থেকে সাত বা তার কম আসনের যাত্রীবাহী গাড়ির জন্য মহাসড়কে টোলমুক্ত যাত্রা শুরু হওয়ায় যানবাহনের চাপ দ্রুত বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকার মহাসড়কের টোল প্লাজা ও সার্ভিস এলাকায় অতিরিক্ত লেন ও প্রবেশপথ চালু করা হয়েছে।
রেলপথে ২ হাজার ৩২৪টি অতিরিক্ত ট্রেন সার্ভিস চালানোর পরিকল্পনায় আছে। এ ছাড়া বেইজিং-শাংহাই, বেইজিং-কুয়াংচৌ ও বেইজিং-হারবিন রুটে রাতভর চলাচল করেছে দ্রুতগতির ট্রেন। ছেংতু, শাংহাই ও কুয়াংচৌসহ কয়েকটি শহরের দ্রুতগতির রেলস্টেশনও সারারাত খোলা রাখা হয়েছে। এ ছুটিতে নৌপথেও বাড়তি যাত্রী পরিবহনের প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: সিএমজি