তাইওয়ান কোনো স্বাধীন দেশ নয় এবং তাইওয়ানের ‘জাতীয় মর্যাদা’ বলে কিছু নেই বলে মন্তব্য করেছে জাপানে অবস্থিত চীনা দূতাবাস। সোমবার ‘জাপানে তাইওয়ান প্রতিনিধি’র সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানায় দূতাবাস।
চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার পুরো চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার—আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এটিই ব্যাপকভাবে স্বীকৃত অবস্থান।
সম্প্রতি জাপানে আয়োজিত একটি পারমাণবিক বোমা হামলার স্মরণ অনুষ্ঠানে অংশ নেওয়া তাইওয়ানের কর্মকর্তারা অভিযোগ করেন, তাদের আসন কূটনৈতিক প্রতিনিধিদের জন্য নির্ধারিত এলাকার বাইরে রাখার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের ‘জাতীয় মর্যাদা’ খর্ব করা হয়েছে।
এর জবাবে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, সর্বত্র নিজের উপস্থিতি জানান দিতে এবং অযথা মনোযোগ আকর্ষণের চেষ্টা করে তাইওয়ান বরং নিজেদের জন্যই অসম্মান ডেকে আনছে।
মুখপাত্র আরও বলেন, জাতিসংঘে তাইওয়ান অঞ্চলকে উল্লেখ করার একমাত্র স্বীকৃত পরিচয় হলো ‘তাইওয়ান, চায়না প্রভিন্স’।
সূত্র: সিএমজি বাংলা