নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছে চীন। একই সঙ্গে নেপালের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটি।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং বলেন, নেপালের প্রতি চীন সমবেদনা জানাচ্ছে এবং দেশটির প্রয়োজন অনুযায়ী নিজেদের সামর্থ্যের মধ্যে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বন্যায় কোনো চীনা নাগরিক হতাহত হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাও নিং জানান, এখন পর্যন্ত কোনো চীনা নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার সকালে নেপালের মধ্যাঞ্চলের গোরখা ও ধাদিং জেলায় বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় অন্তত ৬৫টি বাড়িঘর ভেসে গেছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এবং পরিস্থিতি মোকাবিলায় নেপাল কাজ করছে। এ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন।
সূত্র: সিএমজি