দক্ষিণ চীন সাগরে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে ফিলিপাইনের প্রতি জোর আহ্বান জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল ১৮ সেপ্টেম্বর সিয়ানপিন চিয়াওয়ের কাছে একটি ফিলিপাইনের সরকারি জাহাজ গতিপথ পরিবর্তন করে চীনা কোস্টগার্ডের জাহাজের সামনে চলে আসে এবং সংঘর্ষ ঘটায়।
এর প্রতিবাদে বৃহস্পতিবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন বলেন, ফিলিপাইনের ওই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির গুরুতর লঙ্ঘন।
মুখপাত্র বলেন, চীনা কোস্টগার্ড ইতোমধ্যে ঘটনার বিস্তারিত জানিয়েছে। এ বিষয়ে তথ্য ও প্রমাণ স্পষ্ট। চীনের নানশা দ্বীপপুঞ্জের সিয়ানপিন চিয়াওয়ের কাছের জলসীমায় ফিলিপাইনের সরকারি জাহাজটি উসকানিমূলক তৎপরতা চালায় এবং বিপজ্জনকভাবে গতিপথ পরিবর্তন করে চীনা কোস্টগার্ডের জাহাজকে ধাক্কা দেয়। এতে চীনা নাবিক ও জাহাজের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।
তিনি আরও বলেন, ফিলিপাইনের পক্ষ থেকে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন বা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার মাধ্যমে ওই কর্মকাণ্ডের উসকানিমূলক ও বেআইনি চরিত্র পরিবর্তন করা যাবে না।
নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বেইজিং কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
সূত্র: সিএমজি