বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ প্রসারে সেদেশের বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার সিঙ্গাপুরের একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং প্রবাসী শ্রমিকেরা অংশগ্রহণ করেন। সিঙ্গাপুরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী পাট ও পাটজাত পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরেন। একই সাথে দুই দেশের যৌথ উদ্যোক্তাদের নিয়ে একটি ‘যৌথ বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব দেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সম্প্রতি মন্ত্রিসভায় একটি নতুন বিল অনুমোদিত হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ, জনশক্তি রপ্তানি ও বাণিজ্য সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক উইং চালু করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্প এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর, ওয়ান-স্টপ সার্ভিস চালু ও ট্রেড ফেয়ার আয়োজনের প্রস্তাব দেন। অন্যদিকে পেশাজীবীরা প্রবীণদের সেবাদানকারী, আইটি, সাইবার সিকিউরিটি ও তথ্য বিশ্লেষণে দক্ষ জনশক্তি প্রেরণের সুপারিশ করেন।
এর আগে, সিঙ্গাপুরে কর্মরত ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সূত্র: সিএমজি বাংলা
s