জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর মধ্য-শরৎ উৎসবের ছুটিতে চীনের বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ৬৭ লাখ ৯ হাজার যাত্রী প্রবেশ ও প্রস্থান করেছেন। দিনে গড়ে এই সংখ্যা ছিল ২২ লাখ ৩৬ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৮ শতাংশ বেশি।
২৬ সেপ্টেম্বর ছিল যাত্রী যাতায়াতের সর্বোচ্চ দিন। এদিন মোট ২৩ লাখ ৪২ হাজার যাত্রী চীনে প্রবেশ ও প্রস্থান করেন।
জাতীয় অভিবাসন প্রশাসনের সমন্বিত নির্দেশনা অনুযায়ী, ছুটির সময়ে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশজুড়ে সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নেয়।
বন্দরগুলোতে যাত্রী যাতায়াতের সম্ভাব্য সর্বোচ্চ চাপ বৈজ্ঞানিকভাবে পূর্বাভাস দিয়ে আগাম সতর্কতা জারি করা হয়।
একই সঙ্গে দায়িত্ব বণ্টন আরও জোরদার করা, সব পরিদর্শনপথ চালু রাখা এবং বিশেষ সহায়তার প্রয়োজন এমন যাত্রীদের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। চীনা ও বিদেশি—উভয় ধরনের যাত্রীর দ্রুত সীমান্ত পারাপার নিশ্চিত করতেও নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ।
এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা হয়, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো হয় এবং যাত্রী যাতায়াতের সর্বোচ্চ সময়ে প্রবাহ নিয়ন্ত্রণ ও পরিবহন ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা দেওয়া হয়।
সূত্র: সিএমজি