আজ (রোববার) চীনজুড়ে মধ্য শরৎ উৎসবের ছুটির শেষ দিন। এদিন দেশজুড়ে স্বল্পদূরত্বের যাতায়াতের পরিমাণ ছিল বেশি। অনেক এলাকায় ফিরতি যাত্রার চাপও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
পরিবহন কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, প্রধান ও মাঝারি আকারের শহরগুলোয় ফিরতি যাত্রার চাপ বিকেল ৪টা থেকে আরও বাড়তে শুরু করে।
জাতীয় রেল ব্যবস্থায়ও ফিরতি যাত্রার চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আনুমানিক ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার যাত্রী রেলে যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে। অনেক রেলস্টেশনে পরিচয় যাচাই ও নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
যাত্রার ১৫ মিনিট আগে যারা স্টেশনে পৌঁছাচ্ছেন তাদের দ্রুত প্রবেশের সুবিধা দিতে পরিচয় যাচাই ও নিরাপত্তা তল্লাশি এলাকায় ‘অগ্রাধিকার/এক্সপ্রেস লেন’ চালু করা হয়েছে।
সড়কপথে জনপ্রিয় পর্যটন শহর, দর্শনীয় স্থান ও আশপাশের এলাকাগুলোতে স্বল্পদূরত্বের যান চলাচল তুলনামূলক বেশি ছিল। পরিবহন বিভাগগুলো অতিরিক্ত পরিবহন সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সড়ক পরিবহন, নগর গণপরিবহন, রেল ও বেসামরিক বিমান চলাচলের মধ্যে সমন্বয় করেছে।
ফিরতি যাত্রায় উড়োজাহাজে চীনজুড়ে প্রায় ২১ লাখ ও জলপথে প্রায় ৮ লাখ ১৩ হাজার যাত্রী পরিবহন করা হবে বলে আশা করা হচ্ছে। যাতায়াতের পূর্বাভাস দিতে সামুদ্রিক কর্তৃপক্ষ বুদ্ধিমান পূর্বাভাস ও বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করছে। একই সঙ্গে যেসব এলাকায় প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় সময়মতো সতর্কতা জারি করা হচ্ছে। সেসব এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও টহল জাহাজ মোতায়েন করা হয়েছে।
সূত্র: সিএমজি