চলে গেলেন চীনের অন্যতম জনপ্রিয় ও প্রখ্যাত সংগীত শিল্পী লিউ হুয়ান। অসুস্থতাজনিত কারণে শুক্রবার সকালে চীনের শাংহাইয়ে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। শনিবার শোকবার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেইজিংভিত্তিক ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকস। তার মৃত্যুতে চীনের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
লিউ হুয়ান ১৯৯১ থেকে তিন দশকেরও বেশি সময় এ বিশ্ববিদ্যালয়েল শিক্ষকতা করেন। ২০২৩ সালে অবসর নেয়ার আগে তিনি সংগীত শিক্ষা ও পাশ্চাত্য সংগীতের ইতিহাস বিষয়ে পাঠদান করতেন।
১৯৬৩ সালের আগস্টে উত্তর চীনের থিয়েনচিনে জন্মগ্রহণ করেন লিউ হুয়ান। তিনি বেইজিংয়ের ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে ফরাসি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৮০-এর দশকে সংগীত জগতে পরিচিতি লাভ করেন লিউ হুয়ান। ধীরে ধীরে তিনি চীনের অন্যতম পরিচিত কণ্ঠশিল্পীতে পরিণত হন। চীনা ও পাশ্চাত্য সংগীতের বিভিন্ন ধারা ও ঐতিহ্যের সমন্বয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি।
তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আন্তর্জাতিক মুহূর্তগুলোর একটি আসে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে ব্রিটিশ সোপ্রানো শিল্পী সারা ব্রাইটম্যানের সঙ্গে যৌথভাবে ‘ইউ অ্যান্ড মি’ গানটি পরিবেশন করেন লিউ হুয়ান। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক সেই পরিবেশনা উপভোগ করেন।
সংগীতশিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি শিক্ষকতা ও সংগীতশিক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিউ হুয়ান।
সূত্র: সিএমজি বাংলা