মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পেকান বাদাম নিয়ে অ্যান্টি-ডাম্পিং তদন্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় সোমবার জানায়, তদন্তে দেখা গেছে, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পেকান চীনা বাজারে ডাম্পিং মূল্যে বিক্রি হয়েছে এবং এর ফলে দেশটির স্থানীয় উৎপাদকরা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছেন।
২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর পেকান আমদানির বিষয়ে তদন্ত শুরু করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে চীনের অ্যান্টি-ডাম্পিং আইন ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে ন্যায়সঙ্গত, নিরপেক্ষ, উন্মুক্ত ও স্বচ্ছতার নীতিও বজায় রাখা হয়েছে।
প্রাথমিক সিদ্ধান্তের ভিত্তিতে চীন পেকান আমদানির ওপর অস্থায়ী অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
তদন্তে অংশ নেওয়া মেক্সিকোর বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে ডাম্পিং মার্জিন ১৭ দশমিক ৮ শতাংশ থেকে ৫১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, তদন্তে কোনো মার্কিন কোম্পানি অংশ না নেওয়ায় চীনা আইন ও ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব কোম্পানির জন্য ৫৪ দশমিক ৩ শতাংশ ডাম্পিং মার্জিন নির্ধারণ করা হয়েছে।
সূত্র: সিএমজি বাংলা