মার্কিন প্রতিনিধির তথাকথিত ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’ নিয়ে করা মন্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) জেনিভায় নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনার অধিবেশনে করা ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন চীনের নিরস্ত্রীকরণবিষয়ক দূত লি ছি চিয়াং।
তিনি জোর দিয়ে বলেন, চীনের যৌক্তিক প্রতিরক্ষামূলক সক্ষমতার আধুনিকায়ন নিয়ে কেউ অযথা সন্দেহ প্রকাশ করতে পারে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা আগাম জানানোর বিষয়ে চীনের সিদ্ধান্তকে ভূরাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি করা উচিত নয়।
লি ছি চিয়াং বলেন, নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনার অপব্যবহার করে রাজনৈতিক কারসাজির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও দৃঢ় প্রতিবাদ জানায় চীন।
এদিনের অধিবেশনে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তথাকথিত ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’ নিয়ে মন্তব্য করে এবং ভিত্তিহীনভাবে জুলাই মাসে ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের’ অভিযোগ তোলে।
প্রতিবাদে লি ছি চিয়াং বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে অন্যান্য দেশকে উসকানি দিয়ে তথাকথিত ‘যৌথ বিবৃতি’ প্রকাশ করেছে এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এটি সম্পূর্ণভাবে ‘মাইক্রোফোন কূটনীতি’। এ ধরনের রাজনৈতিক কারসাজি ও দ্বৈত মানদণ্ড চীন কোনোভাবেই মেনে নেবে না এবং এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাবে।
তিনি আরও বলেন, চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে আসছে, আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরক্ষা নীতি গ্রহণ করে এবং পারমাণবিক অস্ত্রের সক্ষমতা জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয় সর্বনিম্ন পর্যায়ে রাখে।
লি ছি চিয়াং বলেন, চীন কোনো ধরনের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় অংশ নেয়নি। তবে চীনের যৌক্তিক প্রতিরক্ষামূলক সক্ষমতার আধুনিকায়ন নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে পারবে না।
মার্কিন পক্ষকে আত্মসমালোচনা করা এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
সূত্র: সিএমজি