জায়ান্ট পান্ডা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারে যুক্তরাষ্ট্রে জোড়া জায়ান্ট পান্ডা পাঠাচ্ছে চীন। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে পুরুষ পান্ডা ফিং ফিং ও নারী পান্ডা ফু শুয়াং যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় যাবে। সেখানে তারা ১০ বছরের একটি পান্ডা সংরক্ষণ সহযোগিতা কর্মসূচিতে অংশ নেবে।
ফিংফিংয়ের জন্ম ২০২০ সালের ১৭ মার্চ। বড় ও গাঢ় চোখের চারপাশের কালো দাগের কারণে তাকে সহজেই চেনা যায়। অন্যদিকে, ফু শুয়াংয়ের জন্ম ২০২০ সালের ১৮ অক্টোবর। মাথার ওপর ছোট্ট একগুচ্ছ নরম লোম এবং উঁচু ও ভরাট কপাল তার অন্যতম বৈশিষ্ট্য।
চীনের সঙ্গে জায়ান্ট পান্ডা সংরক্ষণে আটলান্টা চিড়িয়াখানার ২৫ বছরের সহযোগিতার ইতিহাস রয়েছে। ১৯৯৯ সালে লুন লুন ও ইয়াং ইয়াং নামের দুই পান্ডার যুক্তরাষ্ট্রে যাওয়ার মধ্য দিয়ে আগের সহযোগিতা শুরু হয়েছিল। সেই কর্মসূচি ২০২৪ সালে শেষ হয়।
সূত্র: সিএমজি বাংলা