মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধের পুনরাবৃত্তি কোনো পক্ষেরই স্বার্থে নয়।
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে সংলাপ ও আলোচনার প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।
চীনা মুখপাত্র আরও বলেন, চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত একটি সার্বিক ও টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছাবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং স্বাভাবিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে।
সূত্র: সিএমজি বাংলা