রেলপথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এগিয়ে নিতে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের উদ্ভাবন পরিকল্পনা প্রকাশ করেছে চীন। বিশ্বের বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক পরিচালনাকারী দেশটি এ পরিকল্পনার মাধ্যমে রেলখাতে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপত্তা এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
চীনের জাতীয় রেলওয়ে প্রশাসন (এনআরএ) সম্প্রতি এ পরিকল্পনা প্রকাশ করে। এতে ২০৩০ সালের মধ্যে রেলখাতের আধুনিকায়নে নেতৃত্ব দিতে সক্ষম একটি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-৩০ সময়ে এনআরএ’র অধীনে রেলশিল্পের প্রায় ৩০টি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ মূল প্রযুক্তিতে অগ্রগতি এবং ৫০০টির বেশি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য অর্জনের লক্ষ্য রয়েছে।
এ ছাড়া ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতির উচ্চগতির ট্রেন পরিচালনাব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তত ২০টি পরীক্ষামূলক প্রয়োগ বা প্রদর্শনী প্রকল্প হাতে নেওয়া হবে।
প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতির ম্যাগলেভ ট্রেন প্রযুক্তি নিয়ে গবেষণা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তির দেশীয় উৎপাদন সক্ষমতা যাচাইয়ের কাজ এগিয়ে নেওয়া হবে।
সূত্র: সিএমজি