খুদে অপরাধীদের শাস্তি প্রদান ও অপরাধপ্রবণতা রোধে দেশের সার্বিক প্রচেষ্টার অংশ হিসেবে ১২ থেকে ১৪ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের গুরুতর সহিংস অপরাধের ক্ষেত্রে ফৌজদারি দায়বদ্ধতা কীভাবে নির্ধারিত হবে, তা আরও স্পষ্ট করতে এক নতুন সেট বিচারিক নিয়ম চালু করেছে চীন।
চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটররেট (এসপিপি) এবং জননিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে ১৫ অনুচ্ছেদের এই নতুন প্রবিধানটি জারি করেছে। প্রবিধানটি প্রকাশের সাথে সাথেই কার্যকর করা হয়েছে। এটি মূলত সংশোধিত অপরাধ আইনের একটি বিধানের বিস্তারিত বাস্তবায়ন নির্দেশিকা, যা ২০২১ সালের ১ মার্চ থেকে কার্যকর হয়েছিল।
নতুন এই প্রবিধানে ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ সুনির্দিষ্ট করার পাশাপাশি জননিরাপত্তা ও প্রকিউরেটররেটের মধ্যকার সমন্বয় এবং বয়স ও পারিবারিক পটভূমি যাচাইয়ের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। খুব কম বয়সীদের অপরাধ প্রতিরোধ ও পুনর্বাসনে সাম্প্রতিক বছরগুলোতে চীন অপরাধের বয়সসীমা কমানোর পাশাপাশি সংশোধনমূলক শিক্ষার ওপর জোর দিয়ে আসছে।
সূত্র: সিএমজি