মার্কিন সরকার বিশ্বজুড়ে নতুন দফায় শুল্ক আরোপের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির ভেতর এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। নতুন শুল্কের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান ২৩ জুলাই মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে। তারা নতুন শুল্ক কার্যকর স্থগিত বা বাতিলের নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে।
এনবিসি নিউজের ২৫ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত সর্বশেষ শুল্কের বিরোধিতা করে গত শুক্রবার কয়েকটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে। বাদীদের মধ্যে রয়েছে নিউইয়র্কের মসলা আমদানিকারক প্রতিষ্ঠান বারল্যাপ অ্যান্ড ব্যারেল এবং ক্যালিফোর্নিয়ার ঘড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কালেক্টিভ হরোলজি।
মামলায় প্রতিষ্ঠানগুলো যুক্তি দিয়েছে, মার্কিন সরকারের নতুন শুল্ক ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় আরও বাড়াবে। একই সঙ্গে, এটি আইনের অপব্যবহার এবং আদালতে ইতোমধ্যে অবৈধ ঘোষণা করা ‘শুল্ক প্রাচীর’ পুনর্নির্মাণের একটি প্রচেষ্টা।
মামলাগুলোয় বাদীদের প্রতিনিধিত্ব করছে ‘সেন্টার ফর ফ্রি জাস্টিস’। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সংস্থাটি একাধিকবার তার শুল্কনীতির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে সফল হয়েছে।
সূত্র: সিএমজি