কানাডার নতুন গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লুইস আরবারকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
সোমবার পাঠানো এক অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেন, চীন ও কানাডার সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন দুই দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এটি বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও ইতিবাচক ভূমিকা রাখে।
চীনের প্রেসিডেন্ট বলেন, তিনি চীন-কানাডা সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক লাভ এবং সহযোগিতার মাধ্যমে অভিন্ন সাফল্য অর্জনের চেতনায় দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে তিনি কানাডার নতুন গভর্নর জেনারেলের সঙ্গে কাজ করতে আগ্রহী।
সি আরও বলেন, মতপার্থক্যকে যথাযথভাবে পরিচালনা করে অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করা উচিত। এ লক্ষ্যে তিনি চীন ও কানাডার নতুন কৌশলগত অংশীদারত্বকে সুস্থ, স্থিতিশীল ও টেকসই ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, যাতে উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হতে পারে।
সূত্র: সিএমজি বাংলা