চীন ও ভিয়েতনামের মধ্যে কৌশলগত আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আইনপ্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের শীর্ষ আইনপ্রণেতারা।
সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি এবং ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান বৈঠক করেন। এ সময় তারা দুই দেশের আইনসভাগুলোর যৌথ কমিটির দ্বিতীয় অধিবেশনেও যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠকে চাও ল্য চি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করে অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ চীন-ভিয়েতনাম কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা এগিয়ে নিতে প্রস্তুত।
তিনি দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি, একে অপরকে দৃঢ় সমর্থন এবং বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দুই দেশের আইনসভার উচিত নিয়মিত যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে আইনপ্রণয়ন, তদারকি ও অন্যান্য কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময় করা।
বৈঠকে ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কৌশলগত তাৎপর্যপূর্ণ অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনের উদ্যোগ আরও গভীর হয়েছে।
তিনি বলেন, ভিয়েতনাম চীনের সঙ্গে সম্পর্ককে পররাষ্ট্রনীতির কৌশলগত পছন্দ ও সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে।
চ্যান থান মান আরও বলেন, আইনপ্রণয়ন, তদারকি ও সংসদ সদস্যদের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় বাড়াতে ভিয়েতনামের জাতীয় পরিষদ চীনের জাতীয় গণকংগ্রেসের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: সিএমজি