চীনের জাতীয় দিবস ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, সেতু ও জনসমাগমস্থল সাজানো হয়েছে জাতীয় পতাকা ও বর্ণিল ফুলের আয়োজন দিয়ে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছোংছিং শহরের ইউচুং জেলায় প্রধান সড়ক, বাণিজ্যিক এলাকা ও সেতুগুলোতে দুই হাজারেরও বেশি জাতীয় পতাকা টানানো হয়েছে। পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের শ্যেসিয়েন কাউন্টির ঐতিহাসিক হুইচৌ প্রাচীন শহরেও ফুলের সাজসজ্জার মাঝে উড়ছে লাল পতাকা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশের ওয়েনশান তুংশান পার্কে বিশাল আকারের জাতীয় পতাকা মেলে ধরেন স্থানীয় বাসিন্দারা। ২৪ মিটার লম্বা ও ১৬ মিটার চওড়া পতাকা উড়িয়ে দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় দিবসকে স্বাগত জানান তারা।
এদিকে ছেংতু, থাইইউয়ান ও ইছাংসহ বিভিন্ন শহরেও গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে পাঁচ তারকা খচিত জাতীয় পতাকা। শহরের সড়ক ও পার্কগুলোতে আয়োজন করা হয়েছে নানা ধরনের ফুলের প্রদর্শনী। ফুচৌ ও তা ছিং শহরেও থিমভিত্তিক ফুলের প্রদর্শনীতে নতুন সাজে সেজেছে জনপরিসর।
জাতীয় দিবস সামনে রেখে বেড়েছে বাজারের ব্যস্ততাও। হ্যনান প্রদেশের চুংমু এলাকায় ডালিম, মধু কমলা ও কিউই বোঝাই ট্রাক ভোর থেকেই বাজারে আসতে শুরু করেছে। অন্যদিকে, সিনচিয়াংয়ের উরুমছি শহরের ফুলের বাজারে রয়েছে এক হাজারেরও বেশি জাতের ফুল।
জাতীয় দিবসের প্রস্তুতিতে পিছিয়ে নেই হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলও। হংকংয়ের সড়কগুলোতে চীনের জাতীয় পতাকার পাশাপাশি বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকা ও জাতীয় দিবসের পোস্টার শোভা পাচ্ছে। বিভিন্ন কমিউনিটি সংগঠন ঐতিহ্যবাহী কারুশিল্পসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।
ম্যাকাওয়ের সীমান্ত চেকপয়েন্ট, সড়ক, পার্ক ও বিভিন্ন চত্বরে উড়ছে জাতীয় পতাকা। বর্ণিল ব্যানার ও সাজসজ্জায় সেখানেও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
চীনের জাতীয় দিবস আগামী ১ অক্টোবর। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার স্মরণে প্রতিবছর দিনটি উদযাপন করা হয়। এ বছর দেশটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন।
সূত্র: সিএমজি