জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, সবুজ উন্নয়ন-বিষয়ক যৌথ কর্মসূচির নতুন সংস্করণ নিয়ে আলোচনা এবং বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন, সবুজ নৌপরিবহন ও স্বাস্থ্যসেবায় ডেনমার্কের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন। বৃহস্পতিবার কোপেনহেগেনে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠকে ওয়াং বলেন, চীন ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দুই দেশ প্রথমবারের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্জন করেছে। ডেনমার্কই প্রথম নর্ডিক দেশ, যা চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা এবং সবুজ রূপান্তর সহযোগিতা ব্যবস্থা চালু করে। এছাড়া সংস্কার ও উন্মুক্তকরণ নীতি গ্রহণের পর চীন সফরকারী প্রথম পশ্চিমা রাষ্ট্রপ্রধান ছিলেন রানি দ্বিতীয় মারগ্রেথে।
গত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং বিভিন্ন বিভাগ ও খাতে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে চীন প্রস্তুত।
ওয়াং ই আশা প্রকাশ করেন, ডেনিশ প্রতিষ্ঠানগুলো চীনে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং ডেনমার্ক চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত, ন্যায্য ও পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।
জবাবে লার্স লোকে রাসমুসেন ডেনমার্কের এক-চীন নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ডেনমার্ক সব পর্যায়ে চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে প্রস্তুত। এছাড়া খোলামেলা ও আন্তরিক সংলাপ অব্যাহত রাখা, সবুজ উন্নয়নবিষয়ক যৌথ কর্মসূচির নতুন সংস্করণ নিয়ে কাজ করা এবং অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।
তিনি বলেন, ডেনিশ প্রতিষ্ঠানগুলো চীনের উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে আস্থাশীল এবং দীর্ঘমেয়াদে চীনের বাজারে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চায়।
সিএমজি বাংলা