ইরানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ নিয়ে রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অভিযোগ সত্য নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এ বিষয়ে চীন আগেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, চীন সব সময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানে কাজ করে।
এদিকে, সিজিটিএনের তথ্য-যাচাই প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট হান্টার’ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত দাবিগুলো পর্যালোচনা করেছে। তাদের দাবি, এক্স, ইউটিউব ও ব্লুস্কাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বেশিরভাগ পোস্টের মূল উৎস ছিল রয়টার্সের ওই একটি প্রতিবেদন।
সিজিটিএনের মতে, রয়টার্সের প্রতিবেদনটি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওই সূত্রগুলোর পরিচয় বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া, অন্য কোনো সংবাদমাধ্যম স্বাধীনভাবে একই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
সিজিটিএন আরও জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্সের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। একই সঙ্গে, অভিযোগের পক্ষে নতুন কোনো তথ্যও প্রকাশ করেনি সংবাদ সংস্থাটি।
সূত্র: সিএমজি