জুলাই ১, সিএমজি বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের চলমান উত্তেজনার স্থায়ী সমাধানে উভয়পক্ষকে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে দেশটি।
বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেওয়া উচিত। চীন সবসময়ই এ অবস্থানের পক্ষে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ইতোমধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতাস্মারক বাস্তবায়ন করে আলোচনা এগিয়ে নেবে এবং যত দ্রুত সম্ভব সংকটের একটি সমন্বিত সমাধানে পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করে বেইজিং।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলকে নিয়ে আলাদা পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান দোহায় বৈঠকের অনুরোধ জানিয়েছে। তবে তেহরান এ দাবি নাকচ করে জানিয়েছে যে, ওয়াশিংটনের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের সূচি নেই। যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরান।
লুৎফর/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।