ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে ঘিরে কবি জিয়া হকের লেখা বিপ্লবী কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যেই এসব কবিতা ও গান মিলিয়ে কোটি কোটি ভিউ অর্জন করেছে। দ্রুত জনপ্রিয়তা পাওয়া এসব সৃষ্টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কবি জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’ গানটি শিল্পী আবু উবাইদার ফেসবুক পেজে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে ৮৫ লাখ ভিউ অতিক্রম করেছে। পাশাপাশি ইউটিউবে গানটি এক দিনেই ছয় লাখের বেশি ভিউ পেয়েছে।
অন্যদিকে, ‘গুলি-টুলি হাদির চুলটাও ছেঁড়ে না’ শিরোনামের কবিতাটি প্রকাশের দুই দিনের মধ্যেই ১ কোটি ২০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। বিশেষ করে বিজয় দিবসে কবিতাটি এক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করে নতুন আলোচনার জন্ম দেয়। একই সময়ে শিল্পী আবু উবাইদার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত ‘হাদি তুই ফিরে আয়’ গানটিও ৩৩ লাখের বেশি ভিউ অর্জন করে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এসব কবিতা ও গান শুধু ইউটিউবেই সীমাবদ্ধ নেই; ইনস্টাগ্রাম ও টিকটকেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নিয়মিত শেয়ার হওয়ার পাশাপাশি এগুলো নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা। প্রাপ্ত ভিউয়ের পরিসংখ্যান অনুযায়ী, ওসমান গণির অ্যাকাউন্ট থেকে মাত্র দুই দিনে ৩৯ লাখ এবং মহিউদ্দিন হাসান খানের অ্যাকাউন্ট থেকে ২০ লাখ ভিউ এসেছে।
সব মিলিয়ে, কবি জিয়া হকের লেখা এসব কবিতা ও গান অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিপুল সাড়া ফেলেছে, তা অনলাইন অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।