মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় আরও নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি যোগ করতে চীন ও ব্রুনাইয়ের কৌশলগত যোগাযোগ জোরদার এবং বাস্তবসম্মত সহযোগিতা আরও গভীর করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
মঙ্গলবার বেইজিংয়ে ব্রুনাই দারুসসালামের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মন্ত্রী হাজি আল-মুহতাদী বিল্লাহ’র সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে সি বলেন, “চীন ও ব্রুনাই ঘনিষ্ঠ প্রতিবেশী এবং সামুদ্রিক সিল্ক রোডের মাধ্যমে আমাদের জনগণ ঘনিষ্ঠভাবে সংযুক্ত। এই বছর চীন ও ব্রুনাইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকী। এক অস্থিতিশীল ও উত্তাল আন্তর্জাতিক পরিস্থিতির মুখে, উভয়পক্ষের উচিত একটি অভিন্ন ভবিষ্যৎসহ চীন-ব্রুনাই সম্প্রদায় গঠনের স্বপ্ন দ্বারা পরিচালিত হওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং বাস্তবসম্মত সহযোগিতা গভীরতর করা, যাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় আরও নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।”
অন্যদিকে, বিল্লাহ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করেন এবং এক-চীন নীতির প্রতি তাঁর দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিল্লাহ বলেন, “ব্রুনাই দারুসসালাম এবং চীন অত্যন্ত ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের বন্ধু, এবং আমরা এক-চীন নীতির প্রতি আমাদের অঙ্গীকারকে সম্মান ও পুনর্ব্যক্ত করে চলেছি। বছরের পর বছর ধরে, চীন একটি অবিচল অংশীদার হিসেবে রয়েছে। আপনার নেতৃত্ব এবং মানবজাতির জন্য চীনের অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায় শান্তি ও স্থিতিশীলতার ভিত্তিতে উন্নয়নের একটি ভিত্তি প্রদান করে।”
উল্লেখ্য, চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের আমন্ত্রণে বিল্লাহ ১১ থেকে ১৫ মে পর্যন্ত চীনে সরকারি সফরে রয়েছেন।
জেনিফার/ হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।