এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: কূটনৈতিক সম্পর্ক আছে আফ্রিকার এমন সকল দেশের জন্য আগামী ১ মে থেকে শূন্য শুল্ক ব্যবস্থা চালু করতে যাচ্ছে চীন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় পরিষদের শুল্ক কমিশনের ঘোষণায় বলা হয়েছে, ১ মে ২০২৬ থেকে ২০২৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অতিরিক্ত ২০টি আফ্রিকান দেশের পণ্যের ওপর অগ্রাধিকারমূলক শূন্যশুল্ক হার প্রযোজ্য হবে। এ সব দেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও স্বল্পোন্নত দেশের তালিকায় নেই।
নীতিমালা অনুযায়ী, যেসব পণ্য শুল্ক কোটার আওতায় রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোটার ভেতরের শুল্ক হার শূন্য করা হবে, তবে কোটার বাইরে বিদ্যমান শুল্ক হার অপরিবর্তিত থাকবে।
এর আগে ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চীন কূটনৈতিক সম্পর্ক থাকা ৩৩টি স্বল্পোন্নত আফ্রিকান দেশের শতভাগ পণ্যের ওপর শূন্য শুল্ক সুবিধা কার্যকর করেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নীতি কার্যকর হলে কূটনৈতিক সম্পর্ক থাকা সব আফ্রিকান দেশ এবং সব স্বল্পোন্নত দেশের জন্য একতরফাভাবে পূর্ণ শূন্যশুল্ক সুবিধা দেওয়া প্রথম বড় অর্থনীতি হবে চীন।
সরকার বলছে, এ পদক্ষেপের মাধ্যমে ‘অভিন্ন উন্নয়নে চীন-আফ্রিকা অর্থনৈতিক অংশীদারত্ব’ চুক্তি নিয়ে আলোচনাও এগিয়ে নেওয়া হবে।
ফয়সল/হাশিম
তথ্য ও ছবি: চায়না ডেইলি।