জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সহযোগিতা নিয়ে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বৈঠকে, আফ্রিকার দেশগুলোর শান্তি ও উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
ফু ছং বলেন, আফ্রিকা বর্তমানে বৈশ্বিক প্রভাবসম্পন্ন একটি গুরুত্বপূর্ণ মেরু হিসেবে উঠে আসছে। জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের অংশীদারত্ব বহুপাক্ষিক সহযোগিতার জন্য একটি দৃষ্টান্ত, যা আফ্রিকার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থির। ভূরাজনৈতিক সংঘাত দীর্ঘায়িত হচ্ছে, উন্নয়নের ব্যবধান বাড়ছে, এবং একের পর এক বৈশ্বিক চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। আফ্রিকার দেশগুলোকে সংঘাত ও সহিংসতা থেকে মুক্ত হয়ে, নিজেদের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিকায়নের পথ অনুসন্ধান করতে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজের অব্যাহত সমর্থন প্রয়োজন।
তিনি এক্ষেত্রে ৩-দফা প্রস্তাব তুলে ধরেন: প্রথমত, উত্তপ্ত ইস্যুগুলোর রাজনৈতিক সমাধানের মাধ্যমে, আফ্রিকার শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে হবে; দ্বিতীয়ত, আফ্রিকার উন্নয়নে বিনিয়োগ ও সহায়তা বাড়িয়ে, মহাদেশটির সমৃদ্ধি ও পুনরুজ্জীবনে সহায়তা করতে হবে; তৃতীয়ত, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নয়ন করতে হবে এবং আফ্রিকাকে নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করে আত্মনির্ভর ও শক্তিশালী হয়ে উঠতে সমর্থন দিতে হবে।
ফু ছং আরও বলেন, এ বছর চীন ও আফ্রিকার দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি হচ্ছে। গত ৭০ বছরে আন্তর্জাতিক পরিস্থিতির শত পরিবর্তনের মধ্যেও, চীন সবসময় আফ্রিকাকে তার কূটনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেছে এবং আফ্রিকার দেশগুলোর পাশে দৃঢ়ভাবে থেকেছে।
তিনি বলেন, চলতি বছর থেকে চীন কূটনৈতিক সম্পর্ক থাকা সব আফ্রিকান দেশ থেকে আমদানির ক্ষেত্রে পূর্ণাঙ্গ শূন্য শুল্ক ব্যবস্থা বাস্তবায়ন করেছে। নতুন যুগে সার্বক্ষণিক চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার প্রক্রিয়াও অব্যাহতভাবে এগিয়ে চলেছে। সূত্র: সিএমজি