মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পাকিস্তানকে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করার এবং হরমুজ প্রণালী খোলা রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে সমাধানে অবদান রাখার আহ্বান জানিয়েছেন- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার-এর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি।
ফোনালাপে দার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সহজতর করতে পাকিস্তানের সাম্প্রতিক মধ্যস্থতার প্রচেষ্টা সম্পর্কে ওয়াং ই-কে অবহিত করেন। সংলাপ প্রসারে পাকিস্তানের উদ্যোগে সমর্থনের জন্য তিনি চীনকে ধন্যবাদ জানান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালনে চীনের সঙ্গে সমন্বয় জোরদারের আশা প্রকাশ করেন।
ওয়াং ই চীনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা সহজতর করা এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সহায়তার জন্য পাকিস্তানের প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান আস্থা বজায় রেখে দ্রুত আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারে অবদান রাখবে—যা আন্তর্জাতিক সম্প্রদায়েরও অভিন্ন প্রত্যাশা।
ওয়াং ই উল্লেখ করেন, কয়েক দিনের মধ্যেই চীন ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করবে। তিনি বলেন, উভয় পক্ষের উচিত যৌথভাবে স্মারক কার্যক্রম আয়োজন, উচ্চ-পর্যায়ের বিনিময় জোরদার, কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং অটুট বন্ধুত্বকে সুসংহত করা। পাশাপাশি বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া, একে অপরের মূল স্বার্থ এবং অভিন্ন স্বার্থ রক্ষা করা এবং চীন–পাকিস্তান সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া প্রয়োজন।
জেনিফার/ হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি