মে ২, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া এই যুদ্ধের ৬০ দিনের আইনি সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার দিন শুক্রবার তিনি আইনপ্রণেতাদের এই সিদ্ধান্তের কথা জানান।
মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন যে, ইরানের সাথে বর্তমানে কোনো প্রকার গুলি বিনিময় বা যুদ্ধাবস্থা নেই। চিঠিতে তিনি বলেন, গত ৭ এপ্রিল, ২০২৬-এর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো গোলাগুলি হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যে সংঘাতের সূচনা হয়েছিল, তার সমাপ্তি ঘটেছে।
যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ অনুযায়ী, প্রেসিডেন্ট যদি কংগ্রেসের অনুমোদন ছাড়া কোথাও সামরিক শক্তি ব্যবহারের নির্দেশ দেন, তবে ৬০ দিনের মধ্যে তা শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। যদি না কংগ্রেস সেই অভিযান চালিয়ে যাওয়ার অনুমতি প্রদান করে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ট্রাম্প প্রশাসন ২ মার্চ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এই অভিযানের বিষয়ে অবহিত করেছিল। সেই হিসেবে ১ মে ছিল যুদ্ধের আইনি সময়সীমার শেষ দিন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিজিটিএন