ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। ইসরায়েল লেবাননে হামলার মাধ্যমে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে—এমন অভিযোগ তুলে উত্তর ইসরায়েলে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী-আইআরজিসি। জবাবে সোমবার ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।
আইডিএফ দাবি করেছে যে, রোববার ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই তারা আকাশপ্রতিরক্ষার মাধ্যমে ভূ-পাতিত করেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমে এসেছে যে, আবারও ইরানে তীব্র হামলার পরিকল্পনা করছে তারা।
ইরানের মিত্র লেবাননে ইসরায়েলি বাহিনী হামলা জোরদারের পরই ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়েই সতর্ক করেছেন, লেবাননে যুদ্ধবিরতি ভেঙে কোন আগ্রাসন সহ্য করবে না তেহরান।
এদিকে, ইসরায়েলে হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করে ইরান। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
নতুন করে উত্তেজনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা।
সূত্র: সিএমজি বাংলা