চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং তাদের তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে জনসমক্ষে যেকোনো ধরনের ধূমপান বা বিকল্প ধূমপান সামগ্রী (যেমন: ই-সিগারেট) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ই-সিগারেটের ক্যাপসুল ও ই-লিকুইড, হিট স্টিক এবং ভেষজ সিগারেট জনসমক্ষে বহন বা ব্যবহার করা যাবে না।
আইন অমান্য করলে তিন হাজার হংকং ডলার নিশ্চিত জরিমানা করা হবে। অপরাধের মাত্রাভেদে সর্বোচ্চ জরিমানার পরিমাণ ৫০ হাজার হংকং ডলার এবং ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
তবে পর্যটকদের জন্য কোনো বিশেষ ছাড় নেই। এমনকি প্রথমবারের মতো আইন ভাঙলেও কোনো ক্ষমা বা শিথিলতা দেখানো হবে না।
হংকংয়ের স্বাস্থ্য সচিব অধ্যাপক লো ছু-মাউ জানিয়েছেন, ই-সিগারেটের ক্ষতিকর দিকগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এই পদক্ষেপটি তামাকমুক্ত সমাজ গড়ার একটি যৌক্তিক ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, ই-সিগারেটে বিভিন্ন সুগন্ধি ব্যবহারের কারণে ব্যবহারকারী বা আশপাশের মানুষ এর ভয়াবহতা বুঝতে পারেন না। তারা মনে করেন, এর বিষক্রিয়া কম যা সম্পূর্ণ ভুল ধারণা। এই ভুল ভাঙতেই কঠোর পদক্ষেপ জরুরি।
সূত্র: সিএমজি