মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শিল্প খাতের সার্বিক সক্ষমতা ও গুণগত মান বাড়াতে উৎপাদনশীল সেবা খাতের জন্য পূর্ণ সমর্থন ও একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে বেইজিং।
বার্তা সংস্থা সিনহুয়া আয়োজিত 'চায়না ইকোনমিক রাউন্ডটেবিল' নামক একটি টকশোতে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এনডিআরসি কর্মকর্তা লি ছুনফাং জানান, স্টেট কাউন্সিল কর্তৃক জারিকৃত সাম্প্রতিক নির্দেশিকায় এই খাতের জন্য ছয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে্ এগুলো হলো- বিজ্ঞান ও প্রযুক্তিগত সেবার ভূমিকা শক্তিশালী করা। আধুনিক লজিস্টিকস বা পণ্য পরিবহন ব্যবস্থার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো। সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবায় উদ্ভাবনের গতি ত্বরান্বিত করা। বিশেষায়িত সাপ্লাই চেইন ফিন্যান্স সেবার মানোন্নয়ন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সেবার প্রসার। ব্যবসায়িক সেবার মানোন্নয়ন ও আধুনিকায়ন।
চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা এনডিআরসির মতে, 'প্রোডাক্টিভ সার্ভিস' বলতে মূলত সেই সব সেবাকে বোঝায় যেগুলো সরাসরি উৎপাদন প্রক্রিয়াকে সহায়তা করে। এর মধ্যে রয়েছে গবেষণা ও নকশা প্রণয়ন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পণ্যের মান পরীক্ষা এবং আধুনিক পরিবহন ব্যবস্থা।
জেনিফার/শুভ
তথ্য ও ছবি: সিনহুয়া