মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: একটি একীভূত জাতীয় বাজার গঠন এবং বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার পথে বিদ্যমান বাধাগুলো দূর করতে দেশব্যাপী বড় ধরনের অভিযান শুরু করেছে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন। বুধবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার ঘোষণা দেয়।
স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ওয়াং শিচোং জানান, মে মাস থেকে শুরু হওয়া এই অভিযান আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। এই প্রচারণার মূল লক্ষ্য হলো—বাজারে প্রবেশের ক্ষেত্রে বৈষম্যমূলক বাধা দূর করা, ব্যবসা পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা এবং পণ্য ও পরিষেবার অবাধ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা।
ওয়াং শিচোং বলেন, এসব সমস্যা সমাধানে এসএএমআর আইন প্রয়োগকারী সংস্থাগুলো কার্যক্রম জোরদার করবে এবং নিয়মিত পরিদর্শন ও আকস্মিক তল্লাশি চালানো হবে। এছাড়া বাজার প্রতিযোগিতায় যেকোনো ধরনের অন্যায্য হস্তক্ষেপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
অভিযানে স্থানীয় মানদণ্ডগুলো বাতিল বা আধুনিকীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ওয়াং বলেন, ‘২০২৬ সালের শেষ নাগাদ আমরা স্থানীয় মানদণ্ডের কারণে সৃষ্ট বাজার বিভাজন এবং স্থানীয় সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্মূল করতে সক্ষম হবো।‘
শুভ/সাকিব
তথ্য ও ছবি: সিনহুয়া