মে দিবসের ছুটি বেশ আনন্দের সঙ্গে ঘুরে ফিরেই কাটাচ্ছেন চীনের মানুষ। এই ছুটিতে কুইচৌ শহরের সানতু কাউন্টিতে হয়ে গেল ‘কুইচৌ ভিলেজ হর্স রেসিং গেমস’। রোমাঞ্চকর ঘোড়দৌড়, অশ্বারোহী প্রদর্শনী এবং বর্ণাঢ্য বনফায়ার উৎসবে অংশ নিতে ভিড় জমান হাজার হাজার দর্শনার্থী।
পাঁচ দিনব্যাপী মে দিবসের ছুটির প্রথম দিন শুক্রবার এই প্রতিযোগিতা শুরু হয় এবং রোববার পর্যন্ত চলে। উদ্বোধনী দিনেই সাতটি প্রদেশ থেকে আসা ১০৬টি ঘোড়া এবং ৫০ জন জকি প্রতিযোগিতায় অংশ নেয়।
দৌড়ের ফাঁকে ফাঁকে দর্শকদের জন্য রাখা হয় নানা আকর্ষণীয় আয়োজন—গান, নাচ এবং মজার খেলা। শুধু ঘোড়দৌড়ই নয়, দর্শনার্থীরা স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি আঞ্চলিক খাবারও উপভোগ করেন।
এ ছাড়াও দর্শনার্থীদের জন্য ছিল লং-টেবিল ভোজ ও রাতের ভ্রমণের মতো বিশেষ আয়োজন। শুধু শুক্রবারই এই অঞ্চলে ৮০ হাজারের বেশি পর্যটক এসেছে, যা থেকে ৮০ মিলিয়নেরও বেশি ইউয়ান আয় হয়েছে।
এই ধরনের আয়োজন স্থানীয় পর্যটন ও অর্থনীতিকে চাঙা করার পাশাপাশি ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন করে তুলে ধরছে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: সিএমজি বাংলা