চীন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী এবং বিশেষ করে ব্রাজিলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সোমবার বেইজিংয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার সঙ্গে পঞ্চম চীন-ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী-পর্যায়ের ব্যাপক কৌশলগত সংলাপ চলাকালে তিনি এই মন্তব্য করেন।
ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন–ব্রাজিল সম্পর্ক ক্রমশ বৈশ্বিক ও কৌশলগত গুরুত্ব অর্জন করছে। দুই দেশের মধ্যে বাস্তব সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
তিনি আরও বলেন, উভয় দেশকে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে এবং একটি অভিন্ন ভবিষ্যতের চীন–ব্রাজিল কমিউনিটি গড়ে তোলার পথে এগোতে হবে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, ক্রীড়া, যুব ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত। পাশাপাশি জাতিসংঘ ও ব্রিকসের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চীন একটি ন্যায্য ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে এবং বৈশ্বিক উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগিতা বাড়াতে চায়।
অন্যদিকে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার বলেন, ব্রাজিল সবসময় এক-চীন নীতি অনুসরণ করবে এবং চীনের সঙ্গে কৌশলগত আস্থা আরও জোরদার করতে চায়।
তিনি জানান, ব্রাজিল চীনের সঙ্গে বাস্তব সহযোগিতা গভীর করতে, বহুপাক্ষিকতা ও মুক্ত বাণিজ্যকে এগিয়ে নিতে এবং জাতিসংঘের ভূমিকা শক্তিশালী করতে আগ্রহী।
সূত্র: সিএমজি