চীনের রাষ্ট্রায়ত্ত চীনা উন্নয়ন ব্যাংক ২০২৬ সালের প্রথম চার মাসে ডিজিটাল, ইন্টারনেটভিত্তিক এবং স্মার্ট অবকাঠামো উন্নয়নে সহায়তা দিতে ৪৪০ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান ঋণ বিতরণ করেছে।
ব্যাংকটি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই পরিবহন, লজিস্টিকস, জ্বালানি এবং বিজ্ঞান-প্রযুক্তি খাতের অবকাঠামো নির্মাণে ব্যাপক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অবকাঠামো প্রকল্পের পুরো জীবনচক্রজুড়ে উন্নত আর্থিক সেবা নিশ্চিত করে কার্যকর বিনিয়োগ সম্প্রসারণেও ভূমিকা রাখা হচ্ছে।
এর অংশ হিসেবে উত্তর-পশ্চিম চীনের লানচৌ শহরে নির্মাণাধীন একটি বৃহৎ স্মার্ট লজিস্টিকস পার্কের জন্য ব্যাংকটি ৪১০ মিলিয়ন ইউয়ান বিশেষ ঋণ প্রদান করেছে। মোট ৫৬০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগে বাস্তবায়িত প্রকল্পটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
পার্কটির আধুনিক গুদামে রোবট-নির্ভর ব্যবস্থার মাধ্যমে পণ্য সংরক্ষণ ও পরিবহন করা হয়। এর ফলে প্রতি ঘণ্টায় পণ্য হ্যান্ডলিং সক্ষমতা একটি প্রচলিত গুদামের তুলনায় প্রায় তিনগুণ বেশি।
লজিস্টিকস পার্কের ব্যবস্থাপক লি ইয়ানপাও জানান, স্মার্ট গুদামটি একই দিনে খাদ্যপণ্য বাছাই ও বিতরণ করতে পারে এবং উৎপাদনস্থল থেকে ভোক্তার টেবিলে খাদ্য পৌঁছাতে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা সময় লাগে।
এ ছাড়া পার্কটি সাধারণ ও জরুরি—উভয় পরিস্থিতিতে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির উপ-মহাব্যবস্থাপক ত্যং চিন বলেন, পূর্ণাঙ্গভাবে চালু হলে এটি লানচৌ শহরের মূল নগরাঞ্চলের ৩০ লাখেরও বেশি মানুষের জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে সক্ষম হবে। স্বাভাবিক সময়ে এটি একটি লজিস্টিকস কেন্দ্র হিসেবে কাজ করবে, আর দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে খাদ্য ও সবজির মজুতকেন্দ্রে পরিণত হবে।
সূত্র: সিএমজি বাংলা