ইরানের তেল বাণিজ্যের সঙ্গে লেনদেনে জড়িত থাকার অভিযোগে চীনের পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকাতে ‘ব্লকিং ব্যান’ জারি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় শনিবার এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা কোনোভাবেই চীনে স্বীকৃত হবে না এবং তা যেনো বাস্তবায়ন না হয় সে বিষয়ে পাল্টা এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় চীনের পাঁচটি প্রতিষ্ঠান হলো- হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনিং, শানতোং শৌকুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানতোং চিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হ্যপেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানতোং শেংশিং কেমিক্যাল।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ২০২৫ থেকে যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশের মাধ্যমে অন্যান্য দেশের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার পরিপন্থী। এতে চীনা প্রতিষ্ঠান ও তৃতীয় দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রমে অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা এবং চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের বৈধ অধিকার সুরক্ষার লক্ষ্যে এই ‘ব্লকিং ব্যান’ জারি করা হয়েছে বলেও জানিয়েছে চীন। সূত্র: সিএমজি বাংলা