ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চীনা ভাষায় ২+১+১ মডেলের অধীনে স্নাতক কর্মসূচি চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে দু’দেশের মধ্যে উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘২০২৬ সিআইডিইউ চাইনিজ ফিল্ম ডে’-তে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলফেছানী। যৌথভাবে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও আধুনিক ভাষা ইনস্টিটিউট।
তিনি জানান, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কনফুসিয়াস ইনস্টিটিউট গেল এক দশকে চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও একাডেমিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী বলেন, ‘প্রস্তাবিত যৌথ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা ঢাকায় দুই বছর, চীনের ইয়ুননান বিশ্ববিদ্যালয়ে এক বছর এবং শেষ বছর আবারও ঢাকায় পড়াশোনা করবেন। এতে তাদের ভাষাগত দক্ষতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বাড়বে।‘ এ ছাড়া তিনি চীনা ভাষায় বাংলাদেশের প্রথম স্নাতক পর্যায়ের শিক্ষাক্রম চালু হওয়াকে দুই দেশের শিক্ষা সহযোগিতার উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেন।
চীনা চলচ্চিত্রকে সংস্কৃতি ও সমাজ বোঝার কার্যকর মাধ্যম উল্লেখ করে অধ্যাপক আলফেছানী বলেন, ‘ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, সেমিনার ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।‘
এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং ছাড়াও কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তব্যপর্ব শেষে প্রদর্শিত হয় চীনের আলোচিত চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’। এ চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে চীনের সংস্কৃতি, জীবনধারা ও মানুষের গল্প তুলে ধরার পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের বিষয়টি উঠে আসে।
সূত্র: সিএমজি