চলতি বছরের ৭ থেকে ১৩ ডিসেম্বর কুয়াংতোং প্রদেশের চুহাই শহরে অনুষ্ঠিত হবে ১৬তম চীন আন্তর্জাতিক মহাকাশ ও বিমান প্রদর্শনী। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে এবারের প্রদর্শনীর প্রস্তুতির অগ্রগতি এবং অংশগ্রহণের উল্লেখযোগ্য দিকগুলোও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীর পরিসর নতুন রেকর্ড গড়বে। আয়োজনের আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও বিস্তৃত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে চীনের মহাকাশ ও বিমান খাতের উদ্ভাবনী সক্ষমতা এবং উন্নয়নের প্রতি আত্মবিশ্বাস তুলে ধরা হবে। পাশাপাশি, বৈশ্বিক মহাকাশ ও বিমান খাতে বিনিময় ও সহযোগিতা জোরদার করা হবে।
এবারের প্রদর্শনী শুধু বিশ্বমানের মহাকাশ ও বিমান খাতের বড় আয়োজনই নয়, এটি আন্তর্জাতিক মহাকাশ, বিমান ও প্রতিরক্ষা খাতেরও একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী। চীনের বিমান ও নৌবাহিনীর একাধিক নতুন সরঞ্জাম প্রদর্শিত হবে একই মঞ্চে। পাশাপাশি, নতুন ধরনের যুদ্ধ সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে অর্জনগুলোও তুলে ধরা হবে। প্রদর্শনীতে জনগণের সামনে তুলে ধরা হবে সেনাবাহিনীর আত্মবিশ্বাসী এবং শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভাবমূর্তি।
সূত্র: সিএমজি