চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শনিবার রাষ্ট্রীয় পরিষদের নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে স্থিতিশীল ও ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা আরও সুসংহত ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলভাবে শুরুর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে বলা হয়, সামষ্টিক অর্থনৈতিক নীতি আরও কার্যকর ও পূর্ণমাত্রায় কাজে লাগাতে হবে। আগাম ও সক্রিয় উদ্যোগের মাধ্যমে নীতির বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। এ ছাড়া দেশীয় অর্থনৈতিক প্রবাহ জোরদারে সরবরাহ ও চাহিদার সমন্বয়ে নতুন অগ্রগতি অর্জনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরবরাহ ও চাহিদা উভয় ক্ষেত্রের সমন্বিত উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারকে আরও শক্তিশালী করা, সেবাখাতের সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো আরও বাস্তবায়নের নির্দেশনাও এসেছে এ বৈঠকে।
বৈঠকে পানি সরবরাহ নেটওয়ার্ক, নতুন বিদ্যুৎ গ্রিড, কম্পিউটিং সক্ষমতা নেটওয়ার্ক, পরবর্তী প্রজন্মের যোগাযোগ নেটওয়ার্ক, নগর ভূগর্ভস্থ পাইপলাইন ব্যবস্থা এবং লজিস্টিক নেটওয়ার্কের পরিকল্পনা এবং নির্মাণ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জাতীয় সমন্বিত পরিবহন ব্যবস্থা নির্মাণসংক্রান্ত একটি প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং স্থানীয় সরকারের ঋণঝুঁকি কমানোর বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে খনিজ সম্পদ আইন বাস্তবায়নের খসড়া বিধিমালাও অনুমোদন করা হয়।
সূত্র: সিএমজি বাংলা