মে ২, সিএমজি বাংলা ডেস্ক: সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন এবং বাস্তুসংস্থান রক্ষায় চীনের চারটি প্রধান সাগরে শুরু হয়েছে বার্ষিক গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞা । শুক্রবার দুপুর থেকে বোহাই সাগর, পীত সাগর, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের নির্দিষ্ট অংশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
অঞ্চলভেদে এই নিষেধাজ্ঞার মেয়াদ সাড়ে তিন মাস থেকে সাড়ে চার মাস পর্যন্ত স্থায়ী হবে। এই সময়ে চীনের প্রায় ১ লাখ ২০ হাজার মাছ ধরার ট্রলার ও সহায়ক জাহাজগুলোকে বন্দরে নোঙর করে রাখা হবে। মূলত সামুদ্রিক মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই এই দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালীন যেকোনো ধরনের বেআইনি তৎপরতা রুখতে চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা মন্ত্রণালয় এবং কোস্টগার্ড যৌথভাবে একটি বিশেষ অভিযান শুরু করেছে। উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহর থেকে গত বৃহস্পতিবার এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
কেবল মাছ ধরাই নয়, অবৈধ মৎস্য শিকারকে সহায়তা করে এমন সব কার্যক্রমের ওপরও সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন কোনো জাহাজকে জ্বালানি, পানি কিংবা বরফ সরবরাহের মতো কাজগুলোও কঠোরভাবে পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি।