চীনের শিল্পখাতে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারের সক্রিয় সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং উচ্চপ্রযুক্তি উৎপাদন খাতের সম্প্রসারণ এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) সোমবার জানায়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট মুনাফা বছরে ১৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ১.৬৯৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
প্রথম প্রান্তিকে যন্ত্রপাতি উৎপাদন খাত ছিল মুনাফা বৃদ্ধির প্রধান চালিকা শক্তি। এ খাতে মুনাফা ২১ শতাংশ বেড়েছে এবং মোট শিল্প মুনাফা বৃদ্ধিতে ৬.৮ শতাংশ পয়েন্ট অবদান রেখেছে। বিশেষ করে ইলেকট্রনিকস শিল্পে মুনাফা ১২৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উচ্চপ্রযুক্তি উৎপাদন খাতের মুনাফা ৪৭.৪ শতাংশ বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশের ফলে অপটিক্যাল ফাইবার ও ডিসপ্লে ডিভাইস উৎপাদনে উল্লেখযোগ্য লাভ হয়েছে।
সূত্র: সিএমজি