মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আকাশসীমায় স্বল্প-উচ্চতার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে একটি বিশেষায়িত ‘লো-অল্টিটিউড সেফটি’ বিভাগ গঠন করেছে সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না। দেশটির ক্রমবর্ধমান ড্রোন এবং স্বল্প-উচ্চতার আকাশযান শিল্পকে সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়নার তথ্য অনুযায়ী, এই নতুন বিভাগটি স্বল্প-উচ্চতার বেসামরিক বিমান চলাচলের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নিরাপত্তা ও প্রবৃদ্ধির মধ্যে সমন্বয় সাধন এবং স্বল্প-উচ্চতার ফ্লাইট সার্ভিস ডিসপ্যাচ প্ল্যাটফর্ম ও ফ্লাইট সার্ভিস স্টেশন সিস্টেম নির্মাণের দায়িত্ব পালন করবে।
সাধারণত ভূপৃষ্ঠ থেকে ১ হাজার মিটারের মধ্যে পরিচালিত মানববাহী এবং মানববিহীন (ড্রোন) আকাশযান কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পকেই ‘লো-অল্টিটিউড ইকোনমি’ বলা হয়। চীন বর্তমানে এই সম্ভাবনাময় খাতটিকে কাজে লাগাতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, এই খাতের কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং নীতিগত সহায়তার জন্য ২০২৪ সালের ডিসেম্বরে চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন একটি পৃথক বিভাগ গঠন করেছিল। সিএএসি-এর বর্তমান উদ্যোগটি সেই ধারাবাহিকতারই অংশ।
শুভ/সাকিব
তথ্য ও ছবি: সিনহুয়া