জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক : চীনের সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা অ্যালগরিদমিক বা প্রোগ্রাম ট্রেডিংয়ের ওপর আরও ন্যায্য ও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটির পাবলিক ফান্ড খাতকে সম্পদের পরিমাণ বাড়ানোর পরিবর্তে বিনিয়োগকারীদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে বলা হয়েছে।
শনিবার চীনের সম্পদ ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিল সভায় সিএসআরসি এর চেয়ারম্যান উয়ু ছিং এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, প্রোগ্রাম ট্রেডিং নিয়ন্ত্রণে ইতোমধ্যে লেনদেন রিপোর্টিং বাধ্যতামূলক করা, উন্নত মনিটরিং ব্যবস্থা চালু করা এবং অস্বাভাবিক লেনদেনের ওপর কড়া নজরদারির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
উয়ু ছিং জানান, নিয়ন্ত্রক সংস্থা ভবিষ্যতে প্রোগ্রাম ট্রেডিং সম্পর্কিত নীতিমালা আরও উন্নত করবে। বিশেষ করে বাজারে প্রযুক্তিগত সুবিধার অপব্যবহার রোধ, ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং বাজার কারসাজির মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এএমএসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসের শেষে চীনের ফান্ড শিল্পে পরিচালিত মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫.২৯ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে পাবলিক ফান্ডে রয়েছে ৩৯.৩৬ ট্রিলিয়ন ইউয়ান, প্রাইভেট সিকিউরিটিজ ফান্ডে ৭.৮৫ ট্রিলিয়ন ইউয়ান এবং প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে ১৫.৩৩ ট্রিলিয়ন ইউয়ান।
উয়ু ছিং বলেন, চীনের পাবলিক ফান্ডগুলো বর্তমানে তাদের উন্নয়ন কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। তারা বিনিয়োগকারীদের স্বার্থের সঙ্গে নিজেদের স্বার্থের সামঞ্জস্য বাড়ানো, ফি কমানো, পারফরম্যান্স মূল্যায়ন পদ্ধতি উন্নত করা এবং প্রকৃত বিনিয়োগ রিটার্নের ওপর গুরুত্ব দিচ্ছে। ফলে খাতটি এখন "স্কেল বৃদ্ধি" থেকে "রিটার্ন বৃদ্ধি"-এর দিকে অগ্রসর হচ্ছে।
সিএমজি