এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন অঞ্চলে আসন্ন মে দিবসের ছুটি ঘিরে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। এই ছুটির আমেজকে সামনে রেখে দেশটির রেল-পর্যটন বাজার আগেভাগেই সুব্যবস্থাপনায় তোড়জোড় শুরু করেছে। ভ্রমণপিয়াসীরা যেন চীনের সংস্কৃতি ও পর্যটন একযোগে উপভোগ করতে পারেন সেজন্য যাত্রীবান্ধব সেবায় মনোযোগ দিচ্ছে রেল।
এক যাত্রী বলেন, ‘আমার পরিবার এই ভ্রমণের আয়োজন করেছে। আমার স্বামীর সঙ্গে ঘুরতে যেতে পারছি এজন্যই আমি খুশি।‘
মে দিবসের ছুটির আগ দিয়ে যাত্রীদের বিভিন্ন চাহিদা মেটাতে ব্র্যান্ডেড পর্যটক ট্রেনের একটি নতুন ব্যাচ চালু করা হবে। সাংস্কৃতিক পর্যটনকে পুনরুজ্জীবিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে যাত্রীদের বিভিন্ন ছাড়ের নীতিমালাও আনতে যাচ্ছে চীনের রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড (চায়না রেলওয়ে)।
এ ছাড়া পর্যটক ট্রেন যে পথে চলাচল করছে তার আশপাশের আবাসনগুলোও কুপন-ভিত্তিক ছাড় দেওয়া শুরু করেছে।
তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের একই সময়ে দেশব্যাপী চলাচলকারী পর্যটক ট্রেনের সংখ্যা ৪৪০টি বৃদ্ধি পেয়েছে। রেল ও পর্যটনের এই সমন্বয় সামনে আরও এগিয়ে যাবে।
চায়না রেলওয়ের যাত্রী পরিবহন কেন্দ্রের বিপণন বিভাগের উপ পরিচালক চাং থাও বলেন, “আমরা এই বছর আড়াই হাজারেরও বেশি পর্যটক ট্রেন পরিচালনা ও ৫০টি উচ্চমানের রেল-পর্যটন রুট তৈরির পরিকল্পনা করছি, যেন রেল-পর্যটন বাজারকে ক্রমাগত প্রাণবন্ত করে তোলা ও ভোক্তা পরিষেবাগুলোতে নতুন প্রবৃদ্ধির দ্বার উন্মোচন করা যায়।”
সাকিব/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।