মে ১৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাওয়া মার্কিন শিল্পপতিরা চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় নতুন প্রাণশক্তির সঞ্চার হবে। চীনের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বিশাল বাজারের সম্ভাবনা নিয়ে তারা আশাবাদী। সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দু’দেশ অভিন্ন সমৃদ্ধি অর্জন করতে পারবে বলেও তারা মনে করেন।
কারগিল-এর চেয়ারম্যান ও সিইও ব্রায়ান সাইকস বলেন, ‘চীনের অর্থনীতি শক্তিশালী ও সম্ভাবনাময়। তার মতে, সংলাপই মতৈক্যে পৌঁছানোর সূচনা। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংলাপ থেকে তা স্পষ্ট।’
কোয়ালকমের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস্টিয়ানো অ্যামন বলেন, চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, চীনের অর্থনীতি প্রাণবন্ত এবং বৈশ্বিক সরবরাহ চেইনে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিটিগ্রুপের সিইও জেইন ফ্রেজার বলেন, তাদের প্রতিষ্ঠান বহু চীনা উদ্যোক্তাকে সেবা দিয়ে থাকে। চীনা উদ্যোক্তাদের উদ্ভাবনী দক্ষতা তার মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেন, এখানকার অর্থনৈতিক প্রাণশক্তি সত্যিই দারুণ। চীনা শিল্পপতিদের সাফল্যও বিস্ময়কর।
তিনি আরও জানান, চীনের পুঁজিবাজারের উন্নয়নে তারা সমর্থন অব্যাহত রাখবেন, যাতে আরও বেশি বিনিয়োগ সম্ভব হয় এবং নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়।
(সুবর্ণা/ফয়সল)