চীন ও মার্কিন ব্যবসায়ী মহল সহযোগিতা জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদের (সিসিপিআইটি) মুখপাত্র ওয়াং কুয়াননান।
সিসিপিআইটি’র মতে, জটিল ও প্রতিকূল বাহ্যিক পরিবেশ সত্ত্বেও তথ্য-উপাত্ত স্পষ্টভাবে দেখাচ্ছে যে, দুই দেশের অর্থনীতি গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত এবং সহযোগিতাই এখানে প্রধান বিষয় হিসেবে অব্যাহত রয়েছে।
আমেরিকান চেম্বার অফ কমার্স ইন চায়না (অ্যামচ্যাম, চায়না) প্রকাশিত ‘২০২৬ চীনে আমেরিকার ব্যবসায়ের শ্বেতপত্রে’র উদ্ধৃতি দিয়ে সিসিপিআইটি জানিয়েছে, চীনে জরিপ করা মার্কিন-অর্থায়িত প্রতিষ্ঠানগুলোর প্রায় ৫২ শতাংশ ২০২৫ সালে লাভজনক হবে বলে আশা করছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ পয়েন্ট বেশি। একই সাথে, জরিপকৃত অর্ধেকেরও বেশি কোম্পানি চীনকে তাদের শীর্ষ তিনটি বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যের মধ্যে স্থান দেওয়া অব্যাহত রেখেছে।চলমান ব্যবসায়িক আদান-প্রদান দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীলতাকেও প্রতিফলিত করেছে।
সিসিপিআইটি জানিয়েছে, ২০২৬ সালে তারা ৬৫টি প্রকল্প বাস্তবায়ন করেছে, যেখানে চীনা কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বা তার আয়োজন করেছে। এই প্রকল্পগুলোর মোট প্রদর্শনী এলাকা ছিল ২৪ হাজার ৬০০ বর্গমিটার এবং এতে ১ হাজার ৬ শ’র বেশি চীনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আসন্ন চতুর্থ চীন আন্তর্জাতিক সরবরাহ-চেইন মেলা প্রসঙ্গে ওয়াং বলেন, এ বছরের অনুষ্ঠানে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণ আরও বাড়বে। এই এক্সপোর মাধ্যমে উভয় দেশের প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, চিকিৎসা প্রযুক্তি এবং উচ্চমানের উৎপাদনসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করবে।
ওয়াং বলেন, সিসিপিআইটি চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠু ও টেকসই উন্নয়নে অবদান রেখে যাবে।
সূত্র: সিএমজি বাংলা