মিয়ানমারের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী ইউ টিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ওয়াং বলেন, মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখা, সহযোগিতা গভীরতর করা, মিয়ানমারের উন্নয়নকে ত্বরাণ্বিত ও পুনরুজ্জীবিত করে তোলা এবং অভিন্ন ভবিষ্যতের পথে দুই দেশের সমাজ গঠনে নতুন অগ্রগতি সাধনে প্রস্তুত চীন।
পাশাপাশি ওয়াং বিদ্যুৎ, তেল ও গ্যাস খাতে সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর অন্বেষণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, অনলাইন জুয়া ও টেলিযোগাযোগ জালিয়াতির বিরুদ্ধে লড়াই এবং যুব বিনিময় ও প্রশিক্ষণ বৃদ্ধিতে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান।
অন্যদিকে, ইউ টিন মং সোয়ে বলেন, ‘মিয়ানমার এক-চীন নীতির প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে’। সেইসঙ্গে চীনের বিশ্বস্ত ও বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে থাকতে, ঘনিষ্ঠভাবে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখতে এবং চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের অধীনে প্রকল্পগুলোর নির্মাণকাজ ত্বরান্বিত করতে দেশটির আগ্রহের কথা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘মিয়ানমার চলমান চীনা প্রকল্প ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে’।
সাকিব/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি