জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে চীন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে ফলাফল ঘোষণা পর ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দনবার্তায় চীন জানায়, ড. খলিলুর রহমানের এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের প্রতি আস্থা এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি বহন করে।
চীন আশা প্রকাশ করে যে, সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমান জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করবেন, রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা বজায় রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন এবং সংলাপ ও পরামর্শভিত্তিক সহযোগিতা জোরদার করবেন। একই সঙ্গে তিনি বহুপাক্ষিকতার ভিত্তিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে চীন সর্বাত্মক সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।
সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট। ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থীর কাছে হেরে গেছেন সাইপ্রাসের প্রার্থী।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী এক বছর তথা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- চীনা দূতাবাস