দারিদ্র্য বিমোচনের অর্জনগুলোকে আরও সুসংহত ও প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং।
সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে অর্জিত সাফল্য যেন কোনোভাবেই ম্লান না হয় এবং মানুষ যেন পুনরায় দারিদ্র্যের কবলে না পড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
২০২৬ সাল হলো নিয়মিত সহায়তা কর্মসূচি বাস্তবায়নের প্রথম বছর। উপ-প্রধানমন্ত্রী এই বছরটিকে লক্ষ্য করে সুনির্দিষ্ট এবং সময়োপযোগী সহায়তার নির্দেশ দিয়েছেন।
লিউ কুওচোং বলেন, শুধুমাত্র সাময়িক ত্রাণ নয়, বরং উন্নয়নভিত্তিক সহায়তার ওপর জোর দিতে হবে। পাশাপাশি বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আয় নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
পিছিয়ে পড়া এলাকাগুলোর জন্য বাড়তি সমর্থন, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন লিউ কুওচোং।
সম্মেলনে চীনের পূর্বাঞ্চলের ৮টি প্রদেশ পশ্চিমাঞ্চলের ১০টি প্রদেশের সাথে উন্নয়ন ও সহায়তা সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছে।
সূত্র: সিএমজি