চীনে নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে নতুন বিদ্যুৎ স্থাপনার বড় অংশই এসেছে নবায়নযোগ্য উৎস থেকে।
চীনের জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ) সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, চলতি বছরের মার্চের শেষ নাগাদ চীনের মোট নবায়নযোগ্য জ্বালানি স্থাপিত সক্ষমতা প্রায় ২৪০ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। এটি দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৬০ শতাংশের বেশি।
এনইএর নবায়নযোগ্য জ্বালানি বিভাগের উপপ্রধান পান হুইমিন জানান, শুধু বায়ু ও সৌরবিদ্যুৎ মিলিয়ে সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি কিলোওয়াটে, যা চীনের মোট বিদ্যুৎ সক্ষমতার প্রায় অর্ধেকের কাছাকাছি।
বিদ্যুৎ উৎপাদনেও নবায়নযোগ্য জ্বালানির অবদান বাড়ছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এসব উৎস থেকে ৮৮২ দশমিক ৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩৭ দশমিক ১ শতাংশ।
হাইড্রোজেন শিল্পেও অগ্রগতি অব্যাহত রয়েছে। মার্চের শেষ নাগাদ চীনের বার্ষিক নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন সক্ষমতা ১০ লাখ টনের বেশি হয়েছে।
২০২৬ সালের মার্চ পর্যন্ত চীনে মোট ২ কোটি ১৪ লাখ ৮০ হাজার বৈদ্যুতিক গাড়ির চার্জিং ইউনিট স্থাপন করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৪৬ দশমিক ৯ শতাংশ বেশি।
সূত্র: সিএমজি